যেকোনো মুহূর্তে তিস্তায় পাহাড়ি ঢল, উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যার শঙ্কা
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যেকোনো মুহূর্তে দেশের উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলাসহ প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। এতে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা অববাহিকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে মাঝারি থেকে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে বাড়তি সতর্কতা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী কয়েক দিনে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে অস্বাভাবিক এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উজানের এই বিপুল পরিমাণ পানি ২৫ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ অন্যান্য সীমান্ত নদী দিয়ে তীব্র বেগে বাংলাদেশে প্রবেশ করবে। ফলে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে দুই কূল ছাপিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী এবং চরাঞ্চলের নিম্নাঞ্চলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বন্যা দেখা দিলে লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পাউবো ডালিয়ার নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান জানান, উপদ্রুত জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে জরুরি ত্রাণসামগ্রী, আশ্রয়কেন্দ্র ও উদ্ধারকারী নৌকা প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নিয়মিত নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করছে এবং প্রতি ঘণ্টার আপডেট কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments