Image description

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে। ফলে নিরাপত্তার স্বার্থে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বুধবার (৮ জুলাই) ভোররাতে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। রেললাইন থেকে পানি নেমে না যাওয়া এবং প্রকৌশলীদের পক্ষ থেকে নিরাপদ ঘোষণা না আসা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর পর আর সামনে এগোতে পারেনি। পরিস্থিতি বিবেচনায় ট্রেনটিকে চট্টগ্রাম থেকেই আবার ঢাকার উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়। অন্যদিকে, বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আটকা পড়ে আছে। রেলপথ নিরাপদ না হওয়া পর্যন্ত এটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে পারবে না।

এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে শত শত যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বিশেষ করে পর্যটক, শিক্ষার্থী ও জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেক যাত্রী বিকল্প উপায়ে বাসে যাওয়ার চেষ্টা করলেও অতিরিক্ত ভাড়া ও সড়কে যানজটের কারণে দুর্ভোগ আরও বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রকৌশল বিভাগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। পানি নেমে যাওয়ার পর রেললাইন পরীক্ষা-নিরীক্ষা করে নিরাপদ মনে হলেই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর