Image description

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকেই নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেলেরা হলেন—কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।

স্থানীয় সূত্র ও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, গত রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে সাগরে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে সাঁতরে ও অন্য নৌযানের সহায়তায় জীবিত উদ্ধার হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন। দিনভর খোঁজাখুঁজির পর সন্ধ্যায় নিমজ্জিত ট্রলারটির ভেতর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনার খবর এলাকায় পৌঁছালে কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর