Image description

খুলনায় এসএ টিভির বিভাগীয় প্রধানসহ চার সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, "জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের ওপর এই হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি। যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাকস্বাধীনতার শত্রু।" 

তিনি খুলনায় অতীতে নিহত সাংবাদিক হুমায়ুন কবীর বালু, মানিক চন্দ্র সাহাসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং বর্তমান ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে, দুপুরে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সঙ্গে মতবিনিময় করেন এমইউজে নেতৃবৃন্দ। এ সময় কমিশনার জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে একাধিক টিম মাঠে কাজ করছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে তারা পার পাওয়ার কোনো সুযোগ না পায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিক রকিবুল ইসলাম মতি, রফিউল ইসলাম টুটুল, আওয়াল শেখ ও রানা কবীরকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে সাংবাদিক আওয়াল আহত হন।

মানবকণ্ঠ/ডিআর