Image description

ঐতিহাসিক ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। এরপর জুলাই শহিদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাত শেষে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন, কেন্দ্রীয় কারাগার, জেলা পরিষদ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এদিন কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (জেলা ও মহানগর শাখা), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও দলবেঁধে স্মৃতিস্তম্ভে এসে শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম জুলাই যোদ্ধা তানভীর আহমেদ বলেন, "দেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। কুমিল্লা জেলায় অনেক মা তাদের প্রিয় সন্তানদের হারিয়েছেন, যা এই জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।"

মানবকণ্ঠ/ডিআর