ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার অভিযোগে মা ও ছেলেকে আটক করে পুলিশের সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের বসতঘর ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আটককৃতরা হলেন— ওই গ্রামের জামাল ড্রাইভারের স্ত্রী পারভীন আক্তার (৪০) ও তার ছেলে পারভেজ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই পরিবারটি এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে একত্রিত করা হয়। পরে গ্রামবাসী পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের বসতঘর ও বাড়িতে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, পারভেজ, তার মা এবং পারভেজের মামা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন। বারংবার নিষেধ করা সত্ত্বেও তারা মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনার পর গ্রামবাসী অভিযুক্তদের এলাকা ছাড়ার দাবি জানিয়েছেন।
আওলাতলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম শফিক জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এলাকাবাসী একত্রিত হয়ে এই পদক্ষেপ নিয়েছে। তবে ঘরবাড়িতে আগুনের বিষয়টি উত্তেজনার বশবর্তী হয়ে ঘটেছে।
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, “তাদের বিরুদ্ধে এলাকায় মাদকের অসংখ্য অভিযোগ রয়েছে। ইতিপূর্বে অনেকবার সতর্ক করা হলেও তারা শোধরাননি। পরে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয় এবং আজ এলাকাবাসী তাদের ধরে পুলিশে দেয়।”
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “মা ও ছেলেকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments