বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় আলম শেখ (৫০) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মুরাদপুর এলাকায় এসএস ট্রেডার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম শেখ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট দক্ষিণ আটকুরিয়া চকপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আলম শেখ অটোভ্যান নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় রংপুরগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments