নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে যুবক গ্রেপ্তার
নড়াইল সদর উপজেলায় ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রবিউল শিকদার ওরফে রবি (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার দত্তপাড়া এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার রবিউল আউড়িয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রবিউলের ঘরের ভেতরে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় শিশুটির নিথর দেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবারের অভিযোগ, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে রবিউল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। পরে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, "অভিযুক্ত রবিউলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments