কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ শীর্ষ সন্ত্রাসী মো. মাহবুব সম্রাটকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব সম্রাট তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল থৈরখোলা গ্রামের আকবর আলী শাহ মৎস্য প্রকল্প সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সম্রাটকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ইব্রাহিম খলিল জানান, গ্রেপ্তারকৃত মাহবুব সম্রাট একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। গত বছরের ২৫ জুলাই রাতে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় তার গুলিতেই তার আপন ছোট ভাই মামুন সম্রাট নিহত হয়েছিলেন। এছাড়া সম্রাটের নামে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত সম্রাটের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments