Image description

খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে গিয়ে এক বিচিত্র ও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কড়াইতে দেওয়ার মাত্র দুই মিনিটের মাথায় মাংসের রং বদলে গাঢ় সবুজ হয়ে যায় এবং মাংস ধোয়া পানি কুচকুচে কালো বর্ণ ধারণ করে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ‘মডার্ন বেকারি’র কর্মচারীরা পিকনিকের উদ্দেশ্যে বাজার থেকে বেশ কিছু হিমায়িত (ফ্রিজে রাখা) মাংস কেনেন। রান্নার প্রস্তুতি শেষে চুলায় দেওয়ার কিছুক্ষণ পরই মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই তা গাঢ় সবুজ হয়ে যায়। এছাড়া মাংস ধোয়ার পর ব্যবহৃত পানিও অস্বাভাবিক কালো হয়ে যাওয়ায় উপস্থিত সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই রহস্যময় মাংস জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, মাংসে কোনো ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছিল কি না বা অন্য কোনো কারণে এমনটি হয়েছে কি না, তা নিশ্চিত হতে ল্যাব টেস্টের জন্য নমুনা পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিম্নমানের বা পচা মাংসে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে তা তাজা দেখানোর চেষ্টা করা হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর