Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক ও ঢেউটিন তুলে দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি অসহায় পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়া আরও ২৫টি পরিবারকে ঘর পুনর্নির্মাণের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

সহায়তা বিতরণ শেষে সংসদ সদস্য এস এম জিলানী টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মানবকণ্ঠ/ডিআর