Image description

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বিস্ফোরণে ঘরের টিনের চালা উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) রাত প্রায় ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝিকরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকরহাটি গ্রামের বাসিন্দা জালাল খানের নির্মাণাধীন বাড়িতে কয়েকটি হাতবোমা রাখা ছিল। সোমবার রাতে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই ঘরের চালার টিন উড়ে দূরে গিয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাড়ির মালিক জালাল খান এই বিষয়ে নিজের দায় অস্বীকার করে দাবি করেন, "এটি আমার একটি পরিত্যক্ত ঘর। কে বা কারা শত্রুতা করে আমার বাড়িতে এই বোমাগুলো রেখে গেছে তা আমি জানি না।"

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কারা জড়িত এবং কোথা থেকে বোমাগুলো এল, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর