Image description

শরীয়তপুরের নড়িয়ায় এক গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার আচুরা এলাকার মৃত আলমগীর বেপারীর ছেলে রাব্বি বেপারী (২৮), আব্দুল হাই খন্দকারের ছেলে হযরত আলী খন্দকার (৪২) এবং মালেক খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৬)।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ভোজেশ্বর ইউনিয়নের আচুরা এলাকার আজিজ ঢালীর বাগানে ভুক্তভোগীর স্বামী রাজিব আহাম্মেদ খানকে ডেকে নিয়ে যান হযরত আলী খন্দকার। রাজিব সেখানে পৌঁছালে হযরত আলী, রাব্বি ও ইমনসহ অজ্ঞাত আরও ৩-৪ জন তাকে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরবর্তীতে তার স্ত্রীকে ফোনে ঘটনাস্থলে ডেকে আনা হয়। অভিযোগ রয়েছে, সেখানে ওই গৃহবধূ পৌঁছালে অভিযুক্তদের মধ্যে দুইজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে। 

পুলিশ আরও জানায়, অভিযুক্ত হযরত আলী খন্দকারের স্ত্রীর সাথে ভুক্তভোগী গৃহবধূর স্বামী রাজিব আহাম্মেদ খানের কথিত পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই সম্পর্কের জেরে প্রতিশোধ নিতেই এ ঘটনা সাজানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, "অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত দুইজন ও সহযোগিতার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর স্বামীর সাথে অভিযুক্তের স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।"

মানবকণ্ঠ/ডিআর