Image description

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ফোনে পর্নো ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের মেয়ে মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে মামুন অর রশিদ (৩০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরাসহ এই চক্রের পলাতক সদস্যরা দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে পর্নোগ্রাফি তৈরি ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান পরিচালনা করে ভিডিও ধারণের সরঞ্জামসহ চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর