উলিপুরে রাতে স-মিল পরিচালনার সংবাদ সংগ্রহে বাধা, প্রাণনাশের হুমকি
কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহে বাধা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক স-মিল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আইনি সুরক্ষা চেয়ে উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
থানায় দায়ের করা জিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৈনিক মানবকণ্ঠ-এর উলিপুর প্রতিনিধি ও সাপ্তাহিক যুগের খবর-এর স্টাফ রিপোর্টার মো. নুরবক্ত আলী গত ৩০ জুলাই রাত সাড়ে ৭টার দিকে ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজার এলাকায় একটি স-মিলের ভিডিও ও তথ্য সংগ্রহ করেন। সরকারি বিধিনিষেধ অমান্য করে ওই এলাকায় মো. হাবিবুর রহমানের মালিকানাধীন স-মিলটি দীর্ঘদিন ধরে গভীর রাত পর্যন্ত পরিচালিত হয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের বিষয়টি জানতে পেরে ওইদিন রাত ৮টার দিকে স-মিল মালিক হাবিবুর রহমান সাংবাদিক নুরবক্ত আলীর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চড়াও হন। সেখানে তিনি সাংবাদিককে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে মারধরের চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি দিয়ে বলেন, স-মিল সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে খুন-জখম করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স-মিল মালিক মো. হাবিবুর রহমান গালিগালাজ ও হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, "রাতে ছোট একটি কাঠের গুঁড়ি কাটার সময় সাংবাদিক ভিডিও করায় তার সাথে কেবল কথা-কাটাকাটি হয়েছে।"
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, গণমাধ্যমকর্মীর পেশাগত কাজে বাধা ও প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments