Image description

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের শিবচর উপজেলার যুবক ইকবাল মাদবর (২৫)। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনলো চরম ট্র্যাজেডি। মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ে লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বাড়িতে মৃত্যুর খবর পৌঁছালে পরিবারের সদস্য ও এলাকাবাসীর আহাজারিতে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহত ইকবাল মাদবর শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের দালাল সাগর মাদবর ও কামরুল মাদবর ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ইকবালের পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু তাকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় নিয়ে একটি মাফিয়া চক্রের হাতে বন্দি করে রাখা হয়।

স্বজনদের অভিযোগ, লিবিয়ায় ইকবালকে আটকে রেখে অমানবিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ হিসেবে আরও ১২ লাখ টাকা দাবি করা হয়। নিরুপায় পরিবার ধারদেনা করে ৮ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ৪ লাখ টাকার জন্য তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় মাফিয়ারা। একপর্যায়ে চরম নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে ইকবালের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে ইকবালের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় জড়িত অভিযুক্ত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।"

মানবকণ্ঠ/ডিআর