শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর কর্মসূচিতে হামলার ভিডিও ধারণ করতে গিয়ে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. জুয়েল মিয়ার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ আগস্ট) বিকেলে জাজিরা উপজেলা মডেল মসজিদ মাঠে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী এক কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচিতে হঠাৎ হামলার ঘটনা ঘটলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জুয়েল মিয়া তার ক্যামেরায় ভিডিও ধারণ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় এবং ভিডিও ধারণে বাধা প্রদান করে। হামলায় আহত জুয়েল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে সাংবাদিক জুয়েল মিয়া বাদী হয়ে জাজিরা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাদী সাংবাদিক জুয়েল মিয়া বলেন, "আমি সেখানে সম্পূর্ণ পেশাগত দায়িত্ব পালন করছিলাম। জনস্বার্থে একটি ঘটনার ভিডিও ধারণ করা আমার দায়িত্বের অংশ। কিন্তু পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, "সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা নথিভুক্ত হয়েছে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, সাংবাদিকের ওপর এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শরীয়তপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments