রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসের তীব্র ধাক্কায় রাসেলের ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মো. রাসেল রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে ব্যক্তিগত কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাসেল। কিন্তু পথিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘লাল-সবুজ পরিবহনের’ একটি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পরিবারের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলেও রাসেলের সেই কাঙ্ক্ষিত সাক্ষাৎ আর হলো না। তার এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো রাইখালী ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments