ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও স্টেশনে প্রবেশের মুখে শিবগঞ্জ রেলক্রসিং এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে দীর্ঘ ৮ ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার পর বিকাল ৪টা ৫৫ মিনিটে পুনরায় যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের মুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে এই দুর্ঘটনার প্রভাব পড়ে সড়কপথেও। শিবগঞ্জ রেলক্রসিংয়ের ওপর বগিগুলো আটকে থাকায় গফরগাঁও-ভালুকা সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে রেল ও সড়ক—উভয় পথেই যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল (রিলিপ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৪টার মধ্যে লাইনচ্যুত চারটি বগি উদ্ধার করা হয়। এরপর রেললাইন মেরামতের কাজ শেষ করে বিকাল ৪টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা করা হয়।
টানা ৮ ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর ও কমিউটার ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় শত শত যাত্রী স্টেশনে আটকা পড়ে দুর্ভোগ পোহান। অনেক যাত্রীকে বিকল্প উপায়ে সড়কপথে যাতায়াত করতে দেখা গেছে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেলওয়ের একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments