সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভায় জানানো হয়, জিটুজি ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কেনা হচ্ছে। ২০২৬ সালের ১১-১২ আগস্টের মধ্যে এই কার্গোটি দেশে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।
উল্লেখ্য, প্রতিটি এলএনজি কার্গোতে সাধারণত ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ গ্যাস থাকে। সেই হিসাবে এই কার্গোটির মোট আমদানিমূল্য দাঁড়াবে প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮ হাজার মার্কিন ডলার (প্রায় ৭২.৪১ মিলিয়ন ডলার)। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মানবকণ্ঠ/ডিআর




Comments