Image description

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী বাস ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানীপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাস আলী (৫৫) ও তার সহোদর ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চাঁদাইকোনা পশুর হাটে যাওয়ার পথে বিপরীতমুখী একটি গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী প্রাণ হারান। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মহাসড়কে গরুভর্তি অবৈধ নসিমনগুলো প্রায়ই বেপরোয়াভাবে চলাচল করে। হাইওয়ে পুলিশের কার্যকর পদক্ষেপের অভাবে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়মিত এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর