নেত্রকোণায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট
নেত্রকোণায় ভাড়া বাসা থেকে স্বর্ণা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে শহরের উপজেলা কোয়ার্টারসংলগ্ন জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্বর্ণা আক্তার নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ কাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে জয়নগর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সকাল ৯টার দিকে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।
খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার মরদেহ দেখতে পায় পুলিশ। পরে মরদেহটি উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
ঘর থেকে উদ্ধার করা চিরকুটে স্বর্ণা তাঁর মা-বাবা, ভাই ও আত্মীয়স্বজনের প্রতি ভালোবাসা এবং ক্ষমা প্রার্থনার কথা লিখেছেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর স্বামীকে যেন কেউ দোষারোপ বা হয়রানি না করেন, সে অনুরোধও করা হয়েছে বলে জানা গেছে।
চিরকুটে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে স্বামীকে কোনো ধরনের কষ্ট না দেওয়া এবং তাঁকে নিয়ে অপবাদ বা ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ওই গৃহবধূ ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া গেছে।’
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Comments