মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এ সময় ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করা হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএস




Comments