প্রশাসনের আশ্বাসে সাড়ে ৩ ঘণ্টা পর টঙ্গীতে মহাসড়ক অবরোধ প্রত্যাহার
ফুটওভারব্রিজ নির্মাণে কমিটি, ক্ষতিপূরণ ও স্পিডব্রেকারের ঘোষণা
সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদ ও নিরাপদ পারাপারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে অসংখ্য যানবাহন।
পরে জেলা প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মাদ্রাসা ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ফুটওভারব্রিজ নির্মাণ, নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, স্পিডব্রেকার স্থাপন, নিরাপদ পারাপারের ব্যবস্থা এবং দুর্ঘটনায় জড়িত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কভার ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হয়। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। তারা দ্রুত ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানান।
মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মুহাম্মদ নূরুল করীম ভূঁইয়া বলেন, ফুটওভারব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নের জন্য রোববারই একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধিকে রাখা হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় আবেদন সম্পন্ন হওয়ার পর সরকারের সংশ্লিষ্ট তহবিল থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আগামী মঙ্গলবার সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীর পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হবে।
তিনি জানান, সোমবার গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হবে। সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগের পর দ্রুত নির্মাণকাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাদ্রাসার উভয় পাশে স্পিডব্রেকার নির্মাণ করা হবে।
দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, দুর্ঘটনায় জড়িত কভার ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন এবং দুর্ঘটনায় হতাহতের ঘটনাও ঘটছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। নিরাপদ পারাপার নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে মাদ্রাসার উভয় পাশে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে।
সিটি করপোরেশনের প্রশাসক বিআরটি প্রকল্পের সমালোচনা করে বলেন, এটি একটি অপরিকল্পিত ও ভুল প্রকল্প। তাঁর দাবি, এটি বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির একটি ‘জ্বলন্ত দৃষ্টান্ত’।
এলাকাবাসী ও সচেতন মহলের অভিযোগ, বিআরটি প্রকল্পের কারণে গাজীপুরে মহাসড়ক পারাপারে শিক্ষার্থী, শিক্ষক, পোশাকশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়মিত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে বিভিন্ন সময় হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
প্রশাসনের দেওয়া আশ্বাসের পর বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।




Comments