Image description

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

পরবর্তীতে এই কর্মসূচির ২ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও দুপুর ৩টা ৩ মিনিটে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ও ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ কর্মী আফজাল হোসেন হিমেল ফকিরের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন ঘোষিত কমিটির সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বেশ কিছু নেতাকর্মী মহাসড়কে জড়ো হন। তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই” সহ আওয়ামী লীগ সভানেত্রীর সমর্থনে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে মহাসড়কের পাশেই তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

দীর্ঘদিন পর হঠাৎ প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠনের এমন ঝটিকা কর্মসূচি দেখে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে দিনের আলোতে মহাসড়কে মিছিল করার সাহস পায়, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মূলত ভিডিও ছড়িয়ে দিয়ে তারা এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।”

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, “সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কোনো নমনীয়তা দেখানো হবে না। ভিডিও ফুটেজ দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

ডিআর