Image description

রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ প্রামাণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের মাটিপাড়া ব্রিজ সংলগ্ন কাজীর পুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মরজেতকোল গ্রামের আরজু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বালিয়াকান্দি থেকে ছেড়ে আসা ‘এনি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস মাটিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক পলাশের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি শনাক্ত করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তবে এর চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিআর