নেত্রকোণায় গোরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আমগড়া বাজারের পাশে একটি পুরোনো কবরস্থান রয়েছে। আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে সেখানে তাদের স্বজনদের দাফন করে আসছেন। স্থানীয়দের দাবি, প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে কবরস্থানটি ‘পোনেশ্বর-আমগড়া কবরস্থান’ নামে পরিচিত।
সম্প্রতি কবরস্থানটির নাম পরিবর্তন করে ‘সার্বজনীন গোরস্থান’ করার দাবি তোলে একটি পক্ষ। যেহেতু আশপাশের একাধিক গ্রামের মানুষ সেখানে মৃত স্বজনদের দাফন করেন, তাই কবরস্থানটি সার্বজনীন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় আমগড়া বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের লোকজন পোনেশ্বর হররাম এলাকায় হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




Comments