গাজীপুরের শ্রীপুরে পুরনো মাটির ঘর ভেঙে নতুন ঘর তৈরির কাজ করার সময় দেয়াল চাপা পড়ে মনির হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের খুঁজেখানী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন ওই গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, নতুন একটি ঘর নির্মাণের উদ্দেশ্যে মনির হোসেনের পরিবারের সদস্যরা গত কয়েকদিন ধরে তাদের পুরনো মাটির ঘরটি ভাঙার কাজ করছিলেন। শুক্রবার দুপুরেও তারা বাড়ির সবাই মিলে ঘর ভাঙার কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি বড় মাটির দেয়াল ধসে সরাসরি মনিরের ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি এবং পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিআর




Comments