Image description

গাজীপুরের কালীগঞ্জে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোররাতে উপজেলার নাগরী ইউনিয়নের নগরবেলা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কামরুন নাহার আক্তার (৩৫)। তিনি নগরবেলা গায়েনবাড়ি এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের (৪১) স্ত্রী। হামলায় গুরুতর আহত হয়েছেন মঞ্জুরুল ইসলাম ও তাঁর মেয়ে সানজিদা আক্তার মিম (১৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাত ৩টার দিকে মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ১০-১২ জনের একটি দল ভেতরে প্রবেশ করে। এ সময় আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে তারা। বাড়িতে ঢুকেই দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় মঞ্জুরুল ইসলামের ছোট ভাই মাঞ্জাত আলী পাশের বাড়ি থেকে তাঁদের চিৎকার শুনতে পান। ডাকাতির ঘটনা বুঝতে পেরে তিনি স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে মাইকিং করান। পরে আশপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

ততক্ষণে কামরুন নাহার গুরুতর আহত হয়ে মারা যান। আহত মঞ্জুরুল ইসলাম ও তাঁর মেয়ে মিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মঞ্জুরুল ইসলাম নতুন করে বাড়ি নির্মাণ করছিলেন। রড-সিমেন্ট ব্যবসার কারণে তাঁর বাড়িতে টাকা ও স্বর্ণালংকার ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। তবে দুর্বৃত্তরা এসব নিয়ে গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশ, কালীগঞ্জ থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে পৌঁছায়। পরে ক্রাইমসিন ইউনিটও ঘটনাস্থলে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ডাকাতের বেশে এসে এ হামলা চালিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএ