স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে। দলটির নির্বাচনী ইশতেহার শুধু ঘোষণা নয়, তা বাস্তবায়নও করা হয়। বিএনপি যেখানে ৩১ দফা ইশতেহার দিয়েছিল, সেখানে বাস্তবায়ন করছে ৩২ দফা পর্যন্ত।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টি আমাদের মূল ইশতেহারে ছিল না, মূলত এটিই ৩২ নম্বর দফা। আর শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার বিষয়টি হচ্ছে ৩৩ নম্বর দফা।
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, উৎপাদনমুখী শিক্ষা এবং প্রত্যেক শিক্ষার্থীর হাতকে কর্মের হাতে পরিণত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগগুলো তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাসহ শিক্ষার প্রসারে সব গুরুত্বপূর্ণ উদ্যোগ তাঁর সময়েই নেওয়া হয়েছিল।
বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট তো আছেই, এর বাইরে বর্তমানে একেক জন শিক্ষক পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাবেন। এটি গ্রামে বসে থাকা একজন দরিদ্র স্কুলশিক্ষকের জন্য অনেক বড় একটি প্রাপ্তি।
ডিজিটালাইজেশনের সুফল সম্পর্কে তিনি বলেন, এখন বাড়িতে বসেই ব্যাংক অ্যাকাউন্টে ‘আইবিএএস প্লাস প্লাস’ (iBAS++) ডিজিটালাইজড পদ্ধতিতে শিক্ষকদের টাকা সরাসরি তাঁদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এর ফলে এখন আর কাউকে এক টাকাও কোথাও উৎকোচ বা ঘুষ দিতে হবে না।
সরকারের কাজের সমালোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে গতকাল প্রশ্ন তুলেছেন যে, আগামী দুই দিন পর বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হবে, আপনারা এই সময়ে কী কী বাস্তবায়ন করেছেন? আমি বলব—আপনারা এগুলো দেখে যান, আমরা কী কী বাস্তবায়ন করেছি। অবসর সুবিধা ও স্কুলড্রেস বিতরণের মতো বিষয়গুলো আমাদের ইশতেহারে না থাকলেও আমরা ৩২ ও ৩৩ নম্বর দফা হিসেবে এগুলো সফলভাবে বাস্তবায়ন করছি।
ডিআর




Comments