Image description

ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে শংকর মণ্ডল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। কয়েক দিন পর গুরুতর আহত অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শংকর মণ্ডল ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকার বদন মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজীর রাইস মিলে মোটরের যন্ত্রাংশ চুরি হয়। ওই চুরির ঘটনায় শংকরকে সন্দেহ করে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে তাকে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ।

মারধরের পর শংকর গুরুতর আহত হন। পরিবারের দাবি, অর্থের অভাবে তাকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। কয়েক দিন অসুস্থ থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

শংকরের পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। এ ঘটনায় ওয়াজেদ হাজী জড়িত বলে দাবি করে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তবে অভিযোগের বিষয়ে ওয়াজেদ হাজীর বক্তব্য পাওয়া যায়নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, শংকরের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।