Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। একই সঙ্গে এ ঘটনায় তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেছে দলটি।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনছুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. আলী মর্তুজা।

তিনি বলেন, ধানগড়া টিটিসি স্থাপনের দাবিকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াত-শিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা অনুচিত।

সংবাদ সম্মেলনে হামলা ও উসকানির সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্তসাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের বিষয়টি রাজনৈতিক বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানায় উপজেলা জামায়াত।

এ সময় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ