Image description

নওগাঁর আত্রাই ও মান্দা উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক যুবক ও চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার পৃথক স্থানে ঘটে যাওয়া এ দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইলিয়াস উপজেলার চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন ইলিয়াস। এ সময় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় তিনি সরে যেতে পারেননি। পরে তিতুমীর এক্সপ্রেস ওই এলাকা অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্যদিকে, মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর মোড়ে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিমা নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্যস্ততম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম।

এদিকে রেললাইনের ওপর দিয়ে চলাচলের সময় হেডফোন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, রেললাইনে চলাচলের সময় হেডফোন ব্যবহার না করা এবং চারপাশের শব্দ ও ট্রেন চলাচলের বিষয়ে সতর্ক থাকা জরুরি।

এসএ