নীলফামারীতে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে যুবক নিহত, আহত ২
নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল ও গরু বোঝাই নসিমন মুখোমুখি সংঘর্ষে শাহজাহান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ধর্মপাল ইউনিয়নের তিনবট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান মিয়া ডিমলা উপজেলার রামডাঙ্গা এলাকার সাইদুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে লোকমান হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গরু ভর্তি একটি নসিমন ডোমার অভিমুখে যাচ্ছিল। নসিমনটি ধর্মপাল ইউনিয়নের তিনবট বাজারে পৌঁছালে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহজাহান মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন।
নিহতের পরিবার ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, শাহজাহান মিয়া খুব শীঘ্রই সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। সেই উপলক্ষে তিনি নানার বাড়িতে আত্মীয়-স্বজনকে দাওয়াত দিতে এসেছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দাওয়াত দিয়ে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন তিনি। সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ার আগেই লাশ হয়ে ফিরতে হলো তাকে।
ডিআর




Comments