তাহিরপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলার আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়” বিষয়ে উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়।
প্রতিযোগিতায় আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। এছাড়া পক্ষে ও বিপক্ষে অংশ নেওয়া দুজন শিক্ষার্থীকে সেরা বক্তা নির্বাচিত করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করে না, এটি সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে।
পরে অতিথিরা আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ উদ্বোধন করেন এবং বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।
এসএ




Comments