ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টায় ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’, তবে দেশটিতে ব্যাপক বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ আগস্ট) প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এই সংঘাতের সমাপ্তি টানার চেষ্টায় হিমশিম খাওয়ার মধ্যেই তিনি এই চরম হুঁশিয়ারি দিলেন।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো চুক্তির পথে ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’, তবে তিনি সেখানে বোমাবর্ষণ করবেন। একইসঙ্গে তিনি ইরানকে দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘ দিন ধরে দাবি করে আসছেন যে, শিগগিরই এই যুদ্ধ শেষ হয়ে আসবে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা জোর দিয়ে বললেও বাস্তবে এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। উল্লেখ্য, ইরানে হামলার পর থেকেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এই প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান অবস্থিত। বর্তমানে সমুদ্রপথটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা চলছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ওমানের কর্মকর্তারা ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, উভয় পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে। তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর সময় তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল। প্রণালিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে গত মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকেও ওমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ওমান যদি ‘সঠিক আচরণ’ না করে তবে তিনি দেশটিকে উড়িয়ে দেবেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।
ডিআর




Comments