টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুস সালাম আজাদের আকস্মিক পরিদর্শন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, ওষুধপ্রাপ্তি ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মান এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজ নেন।
এ সময় তিনি রোগীদের যথাযথ ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের প্রয়োজনীয় চাহিদাগুলো সম্পর্কে জানতে চান এবং সরকারি মাধ্যমে সেসব চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, সাধারণ মানুষ যাতে কোনোভাবেই সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। রোগীদের সেবায় চিকিৎসক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সংসদ সদস্যের আকস্মিক পরিদর্শনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা দেখা যায়। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের নিয়মিত পরিদর্শনের মাধ্যমে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে।
এসএ




Comments