রাজবাড়ীর পাংশায় পানির মোটর চুরির অভিযোগে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জজ আলী বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মাঝাইল গ্রামের সুরাই বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে পাঁচবাড়িয়া গ্রামের করিম মণ্ডলের মিলে পানির মোটর চুরি করতে যান জজ আলী। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জজ আলীকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
ডিআর




Comments