Image description

গাজীপুরের কাপাসিয়ায় মো. তাফসিরুল ইসলাম অন্তর (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর বীরউজুলী বাজারের একটি তিনতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা প্যান্ট, জামা, জুতা ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ অন্তর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া গ্রামের সোহাগ খানের ছেলে। সে বীরউজুলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে বিরতি দেওয়া হলে শিক্ষার্থীরা টিফিন খেতে আশপাশের দোকানে যায়। অন্য শিক্ষার্থীদের সঙ্গে অন্তরও বিদ্যালয়ের আঙিনা থেকে বের হয়। দুপুর ২টা ২০ মিনিটে ক্লাস শুরু হলেও সে আর শ্রেণিকক্ষে ফেরেনি।

বিকেল ৩টার দিকে বীরউজুলী বাজারের ব্যবসায়ী মফিজউদ্দিনের তিনতলা ভবনের ছাদের গোডাউনে মালামাল আনতে গিয়ে এক ব্যক্তি রক্তমাখা প্যান্ট, জামা, জুতা ও একটি পরিচয়পত্র দেখতে পান। খবর পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও টোক নয়নবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামতগুলো উদ্ধার করেন। পরে অন্তরের বাবা ও স্বজনরা ঘটনাস্থলে এসে এগুলো অন্তরের বলে শনাক্ত করেন।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তমাখা পোশাকসহ অন্যান্য আলামত পুলিশের হেফাজতে রয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান এবং এই রহস্যময় ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ডিআর