ইউরোপ ট্যুরে ইতালির রোমে কনসার্টের পর ‘নগর বাউল’ জেমসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। হোটেলের কক্ষ নোংরা করে রেখে যাওয়ার অভিযোগে তাকে ২০০ ইউরো জরিমানা করা হয়েছে-এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, অভিযোগটি জেমসের বিরুদ্ধে নয়।
গত জুলাইয়ের শেষ সপ্তাহে ইউরোপ সফর শুরু করেন জেমস। ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মাধ্যমে শুরু হওয়া এই সফরের অংশ হিসেবে ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে গান পরিবেশন করেন তিনি। প্রায় এক যুগ পর রোমের মঞ্চে ওঠেন এই শিল্পী।
কনসার্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে একটি হোটেল কক্ষের মেঝেতে প্লাস্টিকের পানির বোতল ও বিভিন্ন আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। ডাইনিং টেবিলে ব্যবহৃত প্লেট, পলিথিনের ব্যাগ ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসনের পাশাপাশি কাঁচা ডিম দেখা যায়।
এরপর ওই কক্ষের জন্য জেমসকে হোটেল কর্তৃপক্ষ ২০০ ইউরো জরিমানা করেছে বলে দাবি করা হয়।
তবে বৃহস্পতিবার (২০ আগস্ট) জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন বলেন, ‘যে রুম নিয়ে অভিযোগ, সে রুমে ছিলেন না জেমস। আমাদের মোট চারটি কক্ষ ছিল। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে, আমি ছিলাম ২৪৬ নম্বর কক্ষে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ৫৪৯ নম্বর কক্ষে ছিলেন অন্য এক মিউজিশিয়ান। তিনি নগর বাউলের সদস্য নন, অতিথি মিউজিশিয়ান।’
তিনি আরও বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ জেমসকে নয়, যারা হোটেল বুকিং দিয়েছেন তাদের কাছে অভিযোগ করেছে।’
রবিনের দাবি, জেমসের বিরুদ্ধে ছড়ানো অভিযোগটি বিভ্রান্তিকর। এ ঘটনার পেছনে কনসার্ট আয়োজকদের দায়ী করে তিনি বলেন, আয়োজক আবুল মুয়াজ এর আগেও বাংলাদেশ থেকে শিল্পী নিয়ে কনসার্ট আয়োজন করেছেন এবং সেসব নিয়েও বিতর্ক হয়েছে।
রবিন বলেন, কনসার্ট আয়োজনকারীদের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। চুক্তির কোনো শর্ত ভঙ্গ হয়ে থাকলে আয়োজকরা আইনগত ব্যবস্থা নিতে পারেন। তবে জেমসকে জড়িয়ে এ ধরনের অভিযোগ ছড়ানো ঠিক নয়।
বর্তমানে জেমস ইতালিতেই রয়েছেন। ইউরোপ ট্যুর শেষে আগামী ২২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এসএস




Comments