Image description

সিলেটের ওসমানীনগরে ১৫ দিনের মাথায় আবারও এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ ৪ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই এবং বাকি দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এর ভেতরে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় পরে আরও দুইজনের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, যাদের মধ্যে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের এই ওসমানীনগরেই ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার মাত্র ১৫ দিনের মাথায় আবারও একই মহাসড়কে প্রাণহানির ঘটনা ঘটল।

ডিআর