Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২২ আগষ্ট) দুপুরে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের তাৎক্ষণিকভাবে ইপিজেডের বেপজা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরের দিকে নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। দ্রুত অসুস্থ শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেলে পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৯টার শিফট এগিয়ে এনে সাড়ে ৭টাতেই কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জিএম বিল্লাল হোসেন বলেন, হঠাৎ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে আরও কয়েকজন অসুস্থতা অনুভব করে। তবে অসুস্থতার কারণ এখনও স্পষ্ট নয়। আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক বা প্যানিক অ্যাটাকের কারণে এমনটি ঘটতে পারে। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এসএস