দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সরকার থাকবে: এমপি ফয়সাল
হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে চা বাগান জনগোষ্ঠীর ৩৯ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ এবং বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নির্মিত ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মাধবপুরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তুলে দেওয়া হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল।
অনুষ্ঠানে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে মোট ১৪ বান ঢেউটিন ও পরিবারপ্রতি ৬ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রতি মাসে ১৫ কেজি করে তিন মাসে মোট ৪৫ কেজি চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সাল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাধবপুরের চা বাগান এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, আবাসন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চা বাগানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল বিতরণ, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির মতো সহায়তা তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সহায়তার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি বলেন, “শুধু সরকারি সহায়তা প্রদান করলেই হবে না, এসব সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে—সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীশপুর, তেলিয়াপাড়া ও সুরমা চা বাগানের জনগোষ্ঠীর জন্য মোট ৮টি ঘর, ৩৯টি বাইসাইকেল, ২৬টি সেলাই মেশিন এবং বিভিন্ন পর্যায়ে ২৫৮টি শিক্ষাবৃত্তি বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আজ ৩৯টি বাইসাইকেল বিতরণ করা হয় এবং সুরমা চা বাগানের উপকারভোগী অঞ্জু মুড়ার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মোহাম্মদ মামুন, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ চৌধুরী, শাজাহানপুর ইউপি চেয়ারম্যান মো. পারভেজ চৌধুরী, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সুহেল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি।
ডিআর




Comments