Image description

গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে ঐশি রায় নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঐশি রায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যাম নগর এলাকার সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। তার বাবা পেশায় একজন চা দোকানদার। তারা কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকার মোজাফর আলীর বাড়িতে ভাড়া থাকত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশুটি পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ওই এলাকার মাহমুদা বেগমের বহুতল ভবনের একটি ঢাকনাবিহীন সেফটি ট্যাংকে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, ওই সেফটি ট্যাংকটি দীর্ঘদিন ধরে ঢাকনা ছাড়াই অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। বাড়ির মালিকের চরম উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিআর