Image description

বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সাগরে ভাসমান অবস্থায় থাকা আট জেলেকে অপর একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করেছে। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। নিখোঁজ জেলেদের মধ্যে পরিচয় পাওয়া চারজন হলেন ইব্রাহিম, নুর আলম, কাওসার ও বেল্লাল। অপর নিখোঁজ জেলের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গভীর সাগর থেকে এক ব্যক্তি ট্রলারের মাঝি পরিচয়ে মুঠোফোনে জেলা ট্রলার মালিক সমিতিকে ট্রলারডুবির খবর দেন। খবর পাওয়ার পর সমিতির পক্ষ থেকে ‘এফবি বরকত’-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সংযোগ পাওয়া যায়নি।

পরে সাগরে ভাসমান অবস্থায় থাকা আট জেলেকে পার্শ্ববর্তী একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির খবর পাওয়ার পর থেকেই নিখোঁজ জেলেদের উদ্ধারে তৎপরতা শুরু করা হয়েছে। ট্রলারে থাকা ১৩ জনের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেদের সন্ধানে ‘এফবি জহুরা খাতুন’ নামে অপর একটি মাছ ধরার ট্রলার সাগরে পাঠানো হয়েছে। গভীর সমুদ্রে নিখোঁজ জেলেদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের পক্ষ থেকেও তৎপরতা চালানো হচ্ছে।

এম আর এ