কক্সবাজারে ট্রলার দুর্ঘটনায় নিউজিল্যান্ডের ৩ পর্যটক উদ্ধার, শিশু নিখোঁজ
কক্সবাজারের বঙ্গোপসাগরে বড় ঢেউয়ের ধাক্কায় নিউজিল্যান্ডের একটি পরিবারের সদস্যদের বহনকারী ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই পরিবারের তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজার শহরের নাজিরারটেক চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পর্যটক পরিবারের তিন সদস্য—দুই পুরুষ ও এক নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাদের সঙ্গে থাকা একটি শিশু সাগরে তলিয়ে যায়, যাকে এখনো খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের ওই পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে কক্সবাজার ও আশপাশের এলাকা ভ্রমণ করছিলেন। মঙ্গলবার দুপুরে একটি ফিশিং ট্রলারে করে তারা সাগরে ভ্রমণে বের হন। নাজিরারটেক চ্যানেলে পৌঁছালে উত্তাল সমুদ্রের বিশাল একটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি মাঝখান দিয়ে ভেঙে দুই ভাগ হয়ে যায়। এতে পরিবারের সবাই সাগরে পড়ে যান।
দুর্ঘটনার পর কাছাকাছি থাকা স্থানীয় জেলেরা দ্রুত এগিয়ে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তারা তিনজনকে জীবিত উদ্ধার করতে পারলেও শিশুটিকে পাওয়া যায়নি। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ শিশুটির সন্ধানে সাগরে তল্লাশি চালানো হচ্ছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, "দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের বিশেষ দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।"
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ডিআর




Comments