Image description

ভারতের কর্ণাটকে কর্তব্যরত এক নারী পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতার মেয়ের বিরুদ্ধে। তবে লাঞ্ছিত হওয়ার পর ওই নারী পুলিশ কর্মকর্তাও তাকে পাল্টা থাপ্পড় মারেন। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

গত ১২ আগস্ট কর্ণাটকের মান্ডিয়া জেলার আরাথি উক্কাদা মন্দিরে এ ঘটনা ঘটে। সেদিন মন্দিরে বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর সবিতা বি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরে দর্শনের জন্য অপেক্ষা করা নিয়ে সবিতার সঙ্গে ঐশ্বরিয়া নামে এক নারীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঐশ্বরিয়া ওই নারী পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করার পাশাপাশি তার গালে চড় মারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মেজাজ হারিয়ে ঐশ্বরিয়া পুলিশ কর্মকর্তার মুখে চড় মারছেন। তবে আক্রমণের শিকার হয়ে ঠিক পরক্ষণেই সবিতাও নিজের আত্মমর্যাদা রক্ষায় তাকে পাল্টা থাপ্পড় মারেন। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যসহ উপস্থিত লোকজন এগিয়ে এসে দু’জনকে আলাদা করার চেষ্টা করেন।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত ঐশ্বরিয়া তুমাকুরু রুরাল আসনের বিজেপি বিধায়ক বি. সুরেশ গৌড়ার মেয়ে। এছাড়া তিনি সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌতমের স্ত্রী।

ঘটনার পর ঐশ্বরিয়ার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, কর্তব্যরত পুলিশকে হামলা এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে মামলা করা হয়েছে। তবে পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগও করেছেন ঐশ্বরিয়া। তার দাবি, ওই নারী পুলিশ কর্মকর্তা তাকে প্রথমে গালিগালাজ করেছেন। মান্ডিয়ার পুলিশ সুপার মাল্লিকার্জুন বালাদান্ডি জানিয়েছেন, দুই পক্ষের অভিযোগই নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

ডিআর