Image description

গাজীপুর মহানগরীর পূবাইলে ইঞ্জিন বিকল হয়ে প্রায় ৪৫ মিনিট রেললাইনে আটকা পড়ে ছিল ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটি পূবাইল থানাধীন মিরের বাজার রেলক্রসিংয়ের কিছুটা আগে তালাটিয়া এলাকায় পৌঁছালে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ সময় রেললাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে দ্রুততম সময়ে বিকল ইঞ্জিনটি মেরামত করা হলে প্রায় ৪৫ মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পূবাইল স্টেশন মাস্টার মো. মুসা বলেন, "আমি আজ ডিউটিতে ছিলাম না, এখন স্টেশনে যাচ্ছি। শুনেছি চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়েছিল। তবে মেরামত শেষে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"

ইঞ্জিন বিকলের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়লেও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তাঁরা।