Image description

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাট আমবাড়িয়া কেটলা মাঝিরগাতি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের নামে শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা করে নেওয়া হয়েছে। বিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ২৭৫ জন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা দিয়ে বিভিন্ন পুরস্কার কেনা এবং খিচুড়ির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শিক্ষকদের পক্ষ থেকে তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে আমবাড়িয়া কেটলা মাঝিরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় বিশ্বাস বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়ের ফান্ড থেকেও টাকা দেওয়া হয়েছে। দশম শ্রেণিসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা খুশি হয়ে কমবেশি টাকা দিয়েছে। সব জায়গায় সরকারি নির্দেশনা থাকে না উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের আয় কম হওয়ায় সেভাবেই টাকা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের কোনো আপত্তি নেই বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা বেগম বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনএ