Image description

টাঙ্গাইলের সখীপুরে দ্রুতগামী মালবাহী ট্রাকের চাপায় ইসরাত জাহান আঁখি (২২) নামে এক গৃহবধূ ও তাঁর এক বছর বয়সী শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাত জাহান আঁখি বাসাইল উপজেলার আদাবাড়ি গ্রামের শুভ আহমেদের স্ত্রী।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে স্বামীর বাড়ি থেকে শিশুকন্যাকে কোলে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সখীপুরের পাহাড়কাঞ্চনপুরে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আঁখি। পথে বেড়বাড়ী বটতলা মিলপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় আঁখি ও তাঁর শিশুকন্যা সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ